
অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ বাছাইয়ে নিজেদেরে দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে হ্যাট্রিক করেছেন তৃষ্ণা রানী।
লাওসের ভিয়েনতিয়েনের নিউ লাউস ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম গোল পায় ২০ মিনিটে। স্বপ্না রানীর কর্নার থেকে নিখুঁত হেডে গোল করেন শিখা। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন শান্তি মার্ডি। এর ঠিক ৩ মিনিট পরই কর্নার থেকে হেডে গোল পান নবীরন খাতুন। প্রথমার্ধের যোগ করা সময়ে শেষ মুহুর্তে তৃষ্ণার গোলে ৪-০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বাংলার প্রমিলারা।
বিরতির পর আক্রমনের ধার আরো বাড়িয়ে দেয় বাংলাদেশ। ৫৭ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল পান তৃষ্ণা রানী। ৭৩ মিনিটে দলের স্কোর ৬-০ করেন সাগরিকা। ৮২ মিনিটে সাগরিকার বাড়ানো বল জালে জড়িয়ে নিজের হ্যাট্রিক পূরণ করেন তৃষ্ণা রানী। আর খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহুর্তে রেফারি শেষ বাঁশি বাজানোর আগে তিমুরের জালে দুই হালি গোল পূরণ করেন মুনকি।
’এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলেই মূল পর্বের টিকিট পাবে। তাহলে লাওসে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়ান বাছাই উতরাতে পারলে ছোটরাও লিখবে ইতিহাস।


