
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ৪৯ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ শুনানির এ দিন ঠিক করেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যার ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন তোলে।
মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে ওই হামলা চালানো হয়। হামলায় অংশ নেয় হরকাতুল জিহাদ বাংলাদেশ, হুজির জঙ্গিরা। তারা বিদেশি জঙ্গিদের সগযোগীতায় পাকিস্তান থেকে আর্জেস গ্রেনেড এন এই হামলা চালায়। আর এর পেছনে চারদলীয় জোট সরকারের শীর্ষ পর্যায়ের ইন্ধন ছিল।
২০২৪ সালের ১ ডিসেম্বর তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন হাইকোট। এর আগে ২০১৮ সালের ১০ অক্টাবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন বিচারিক আদালত।


