
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আবজালুল হক ট্রাইব্যুনালে নিজের দোষ স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হতে চেয়েছেন।
বৃহস্পতিবার আবজালুল ট্রাইব্যুনালকে বলেন, তিনি দোষ স্বীকার করেন। একই সাথে রাজসাক্ষী হয়ে ঘটনার পূর্ণাঙ্গ সত্য উম্মোচন করতে চান ও ক্ষমা চান।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাকি অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন।
মামলার মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে গ্রেপ্তার ৮ জনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। বাকি ৮ আসামি পলাতক।
গ্রেপ্তার অন্য সাত আসামি হলেন- সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফী, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক এসআই আব্দুল মালেক, কামরুল হাসান ও আরাফাত উদ্দিন, সাবেক কনস্টেবল মুকুল চোকদার।


