
‘সম্প্রচার অধ্যাদেশ-২০২৬’-এর খসড়া প্রস্তুত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রস্তাবিত আইনে জেল-জরিমানার বিধান রেখে সামরিক-বেসামরিক গোপন তথ্য ফাঁস এবং জুয়া বা প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্র কড়া শাস্তির প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে খসড়ার বিষয়ে সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে মতামত দিতে বলা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানা গেছে অন্তর্বর্তী সরকারের সময়েই এই অধ্যাদেশ জারি করা হবে। অধ্যাদেশ জারির পর সরকারের বিধান অনুযায়ী সম্প্রচার কমিশন নামে একটি কমিটি গঠন করা হবে। মন্ত্রপরিষদ সচিবের নেতৃত্বে এই কমিটির সদস্য সংখ্যা হবে পাঁচ।
সম্প্রচার কমিশন নতুন কোন সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার বিষয়ে সরকারকে সুপারিশ করতে পারবে। সম্প্রচার কার্যক্রমকে বস্তুনিষ্ঠ, তথ্যের অবাধ ও দায়িত্বশীল প্রবাহ নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় নীতিমালা ও মান্দন্ড প্রণয়ন করবে।
প্রস্তাবিত আইন অনুযায়ী কমিশন নিয়মিতভাবে সম্প্রচারিত বিষয়বস্তু তদারকি করবে। যদি কোন প্রতিষ্ঠান নির্ধারিত কন্টেন্টে নীতিমালা ভঙ্গ করে তবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর জরিমানা আরোপ, সংশোধিত প্রচারের নির্দেশ বা চূড়ান্তভাবে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নিতে পারবে।
অধ্যাদেশের ১৩ ধারা অনুযায়ী, এই আইন কার্যকর হওয়ার পর সরকারের কাছ থেকে নির্ধারিত পদ্ধতিতে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে পারবে না। লাইসেন্স ছাড়া টেরিস্ট্রিয়াল টেলিভিশন ও রেডিও, স্যাটেলাইট টিভি ও রেডিও, ক্যাবল টেলিভিশন, আইপি টিভি ও আইপি রেডিও, ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ), এফএম এবং কমিউনিটি রেডিও সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া, ইনফোটেইনমেন্ট ও এন্টারটেইনমেন্টভিত্তিক ওটিটি টিভি সার্ভিস, স্ট্রিমিং ও ভিডিও-অন-ডিমান্ড প্ল্যাটফর্মের পাশাপাশি পেশাদার ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত অনলাইন ইনফোটেইনমেন্ট পোর্টাল, অ্যাপস এবং ভিডিও স্ট্রিমিং কার্যক্রমকেও লাইসেন্সের আওতায় আনা হচ্ছে।
অধ্যাদেশের খসড়ার ২১ ধারায় অপরাধ ও দণ্ডের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। কোনো সম্প্রচারকারী এই আইনের ধারা ১৩(১) ও ১৩(৯) লঙ্ঘন করে কোনো সম্প্রচার কার্যক্রম পরিচালনা করলে এ প্রচারের সঙ্গে জড়িত প্রত্যেককে অনধিক তিন বছরের কারাদণ্ড অথবা কমপক্ষে ১০ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে। কোন সম্প্রচারকারী জাতীয় ইস্যুতে ও জনস্বার্থে সরকারের দেওয়া নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হলে ব্যর্থতার সঙ্গে জড়িত প্রত্যেককে অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে।
কোনো সম্প্রচারকারী যদি সরকারের অনুমোদনহীন বা লাইসেন্সবিহীন কোনো আর্থিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, বাজি, জুয়াখেলা, তামাক ও তামাকজাত পণ্য, অ্যালকোহল বা মদজাতীয় পণ্যের বিজ্ঞাপন অথবা সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর বা প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন প্রচার করেন, তবে বিজ্ঞাপনদাতা এবং সম্প্রচারের সঙ্গে জড়িত প্রত্যেকে অনধিক দুই বছরের কারাদণ্ড অথবা সর্বনিম্ন ৫ লাখ থেকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।


