
ফ্যাশন ও সৌন্দর্য খাতে বড় বিদেশি বিনিয়োগ আসছে দেশে। চীনা প্রতিষ্ঠান অ্যাডেরিন বিউটি টেকনোলজি (বাংলাদেশ) বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি আধুনিক ফ্যাশন ও কসমেটিকস উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে।
এ লক্ষ্যে বুধবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)–এর সঙ্গে চুক্তি সই হয়েছে।
বেপজার সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটিতে ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ হবে এবং প্রায় ৪ হাজার ১৭০ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে। নতুন এই উদ্যোগ রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কারখানায় উইগ, আইল্যাশ, কসমেটিক নেইলসহ বিভিন্ন ফ্যাশন হেয়ার ও সৌন্দর্য পণ্য উৎপাদন করা হবে। এসব পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া ও মেক্সিকোসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি হবে। ফলে বৈশ্বিক বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে।
বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হ্যাং সান চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং মূল্য সংযোজনমূলক খাতে আরও চীনা বিনিয়োগের আহ্বান জানান।


