
বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণা খাতে যুক্ত হলো এক গৌরবময় অধ্যায়। বিশ্বের অন্যতম মর্যাপূর্ণ ‘এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ এর ২০২৬ সালের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের তিন গবেষক। চলতি বছর এই তালিকায় স্থান পেয়েছেন মারজানা আক্তার, ড. তাহমিদ আহমেদ এবং ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক।
এশিয়ার বিভিন্ন দেশের অসামন্য অবদান রাখা বিজ্ঞানী ও গবেষকদের স্বীকৃতি দিতে প্রতিবছর আন্তর্জাতিকভাবে সিঙ্গাপুরভিত্তিক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্ট এই তালিকা প্রকাশ করে থাকে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক স্নাতকোত্তর শিক্ষার্থী মারজানা আক্তার প্রথমবারের মতো বাংলাদেশের পোলট্রিতে বিশেষ এক ভাইরাস সনাক্ত করেন। যা ভাইরোলজি গবেষণায় একটি বড় সংযোজন। ২০২৫ সালে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ইয়াং উইমেন ফর বায়োসিকিউরিটি ফেলোশিপ পেয়েছেন তিনি।

অন্যদিকে ড. তাহমিদ আহমেদ বর্তমানে আসিডিডিআরবি–এর নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত আছেন। মা ও শিশুর পুষ্টিহীনতা দূর করা এবং ডায়রিয়া রোগ প্রতিরোধে এক দশক ধরে কাজ করছেন তিনি।
গবেষক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক নিযুক্ত আছেন বুটেক্সের শিক্ষক হিসেবে। তাঁর উদ্ভাবিত ডিকার্বোনাইজেশন ল্যাব প্রকল্পে কম কার্বন ও কম ক্ষতিকর কেমিক্যাল নির্গমন করে কাপড়ে রঙ করার পদ্ধতি নিয়ে গবেষণা করা হয়, যা ফ্যাশন শিল্পের একটা সম্ভাবনাময় দিক।


