
দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছ সম্পর্কে গবেষণা করে জানারও পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কর্মসূচির সূচনা হিসেবে একটি নিমগাছের চারা রোপণ করেন তিনি। এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে।
উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ রোপণ করতে। সেটি তোমাদের স্কুলে হোক বা বাসার আশপাশে। যেখানে সুযোগ পাবে, সেখানেই একটি করে গাছ লাগাবে।’

তিনি আরও বলেন, ‘গাছটি কতটা অক্সিজেন উৎপাদন করে, মানুষের কী কী উপকারে আসে—এসব বিষয়ে ইন্টারনেটে খুঁজে গবেষণা করবে। তাহলে প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে নতুন কিছু জানতে পারবে।’
তারেক রহমান বলেন, স্কুলে লাগানো গাছ বড় হলে শিক্ষার্থীদের ছায়া দেবে এবং বিশ্রামের সুযোগ তৈরি করবে। একইভাবে বাড়িতে গাছ লাগালে পরিবেশ শীতল হবে, নির্মল বাতাস পাওয়া যাবে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


