
ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া (মিন্টু) হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ আগস্ট জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী গ্রামে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় দলিল লেখক আবু জাকারিয়াকে। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী লতিফা খাতুন ১৬ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
বিচার শেষে আদালত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. মাসুদ মিয়া ও ৫ নম্বর আসামি মো. ফরিদ খলিফাকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া আরও ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মাসুদ মিয়া ও একজন যাবজ্জীবনপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের আশা ব্যক্ত করেছে। নিহতের ছেলে জাহিদ হাসান তালুকদার বলেন, দীর্ঘ ১৩ বছর পর তারা ন্যায়বিচার পেয়েছেন। তবে আসামিপক্ষের স্বজনরা রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।


