
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে ১২৮তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হলো।
বুধবার (২২ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা নির্ধারিত দিনে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এ তারিখ নির্ধারণ করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন র্যাব মামলাটির তদন্ত করলেও ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট তদন্তের দায়িত্ব র্যাবের কাছ থেকে সরিয়ে নেয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের দায়িত্ব দিয়ে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ আদালতের কাছে আরও সময় চায়। পরে ২০২৫ সালের ২২ এপ্রিল হাইকোর্ট টাস্কফোর্সকে অতিরিক্ত ছয় মাস সময় দেন এবং ২২ অক্টোবর পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেন।
কিন্তু সেই সময়সীমার মধ্যেও তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। পরে ২৩ অক্টোবর বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দেন হাইকোর্ট।
এদিকে, সর্বশেষ আবারও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় মামলাটির অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


