
সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দরটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে জিএসিএ। একই সঙ্গে বিমানবন্দরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে, ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মজিদ আল-নাজিলি জানিয়েছেন, হুতি বাহিনী এক দিনে চতুর্থবারের মতো ‘আল-রায়ান বিমানবন্দরে’ হামলা চালিয়েছে। বেসামরিক অবকাঠামোতে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিমানবন্দরে হামলা ইয়েমেনের মানুষের চলাচলের স্বাধীনতাকে ব্যাহত করছে।
অন্যদিকে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি পৃথক বিবৃতিতে জানিয়েছেন, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে আসা চারটি ড্রোন জোটের বিমান প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনা ঘটে। তবে ওই হামলায় নিহত ও আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত তথ্যে অমিল রয়েছে। এ ছাড়া ৬ ও ৭ অক্টোবর কিং খালিদ ও আবহা বিমানবন্দরেও হামলার খবর প্রকাশিত হয়।
ধারাবাহিক এসব হামলার পর নিরাপত্তা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি মূল্যায়নের কারণে কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

