
টঙ্গীতে মাদরাসার এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে আলোচনায় আসা শাহজালাল রুমি দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে খুদে বার্তার মাধ্যমে তিনি এ তথ্য জানান। তবে তিনি কোন দেশে অবস্থান করছেন, তা জানাননি।
আগামীর সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, খুদে বার্তায় রুমি লেখেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’
একই বার্তায় টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।’
গত ২১ অক্টোবর ওই মাদরাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমি মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন। পরে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন।
এদিকে, মাদরাসার অধ্যক্ষের পক্ষ থেকেও রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে।
পাল্টা মামলা দায়েরের পর থেকে শাহজালাল রুমি আড়ালে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবার তিনি নিজেই দেশ ছাড়ার কথা জানিয়েছেন। তবে তাঁর দেশত্যাগের সময়, গন্তব্য এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

