ইরান পরিস্থিতির অনিশ্চয়তায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং তেলবাহী জাহাজে নতুন করে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এক দিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩০ ডলার বা ২ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৯২ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯০ দশমিক ২৭ ডলারে।

এর আগে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান দুই মানদণ্ডের দাম ৮ শতাংশের বেশি কমেছিল। ওই দরপতনে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে জ্বালানি তেলের দাম।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট সমাধান না আসায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

ইউবিএসের পণ্যবাজার বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অমীমাংসিত থাকায় জ্বালানি তেলের দামে সামান্য পুনরুদ্ধার দেখা যাচ্ছে।

অন্যদিকে লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ডি লিপোর মতে, মধ্যপ্রাচ্য দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজে মাইন ও ড্রোন হামলার খবর বাজারে উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের অবস্থানে পরিবর্তন না আসায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা কাটছে না।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ