
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনসংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে ভারত। একই সঙ্গে তার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাবিষয়ক বৈঠকে বিষয়টি আলোচনায় আসবে কি না, সেটিও জানতে চান তিনি।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভ্রমণের জন্য মানুষের প্রয়োজনীয় নথিপত্র লাগে। শেখ হাসিনার আবেদনের বিষয়টিও সেই প্রেক্ষাপটে দেখা যেতে পারে। তবে এটি একটি কারিগরি বিষয়। এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করাই উপযুক্ত হবে।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের সর্বশেষ কূটনৈতিক আলোচনার অগ্রগতি জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রত্যর্পণের বিষয়টি আইনি। আইন অনুযায়ীই এর সমাধান করা হবে।
বাংলাদেশি নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত দুই দেশের আলোচনা বা সমঝোতার মাধ্যমে কোনো ভূমিকা রাখতে পারে কি না—এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি জয়সওয়াল। এ ক্ষেত্রেও তিনি বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
এর আগে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ হয়েছে। তাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডি পেতে গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠান শেখ হাসিনার আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠির তথ্যের বরাতে এ খবর প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

