বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

গত বুধবার (১৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করে ভাটারা থানা পুলিশ।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না, অর্থের লেনদেন হয়েছে কি না এবং হামলায় কারা নেতৃত্ব দিয়েছেন—এসব বিষয় জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে এ ঘটনা ঘটে। ওই দিন ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, সাবেক খতিব রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে তাকে মিম্বর থেকে টেনে নামান, মারধর করেন এবং তার কাছ থেকে মাইক কেড়ে নেন।

এজাহারের আরও অভিযোগ, মুসল্লিরা বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। অন্য আসামিরাও বাদীসহ মুসল্লিদের মারধর করেন। এ সময় বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়।

সিআইডি রিমান্ড আবেদনে জানিয়েছে, ঘটনায় রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, হামলার পেছনে প্ররোচনা ও আর্থিক লেনদেনের তথ্য অনুসন্ধান, হামলায় নেতৃত্বদানকারীদের শনাক্ত এবং ঘটনার পরিকল্পনা ও উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া আহত ব্যক্তিদের ওপর হামলা এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরে কার কী ভূমিকা ছিল, তা-ও তদন্ত করতে চায় সংস্থাটি।

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় এ মামলাটি করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ