
ক্যানসারের টিকা বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, টিকা এখন সম্পূর্ণ প্রস্তুত এবং সেপ্টেম্বরে জনগণের জন্য বিনামূল্যে বিতরণ করা হবে।
রুশ সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন দেশটির বেতার সংবাদমাধ্যম রেডিও রোশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তথ্য অনুযায়ী, ক্যানসারের টিকা সত্যি সত্যি বাজারে এলে তা হবে শতাব্দীর অন্যতম সেরা উদ্ভাবন।
ক্যানসারের টিকাটি চলতি বছরের সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে বলে জানিয়েছে রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। গামালিয়ার পরিচালক আলেক্সান্দার গিন্টসবার্গ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গিন্টসবার্গ জানান, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকাটির অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে চলতি বছরের আগস্টের শেষ নাগাদ চিকিৎসাক্ষেত্রে এই টিকা ব্যবহারের প্রস্তুতি শুরু হবে এবং সেপ্টেম্বর থেকেই এটি রোগীদের জন্য ব্যবহার করা সম্ভব হবে।
গামালিয়ার তৈরি এই টিকাটি হবে বিশ্বের প্রথম ক্যানসারের টিকা, যা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এমআরএনএ হলো এক ধরনের প্রোটিন, যা রোগপ্রতিরোধ ক্ষমতাকে ক্যানসারের মতো জটিল রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রশিক্ষিত করে।
গবেষণায় দেখা গেছে, টিকাটি প্রাথমিক পর্যায়ের ক্যানসার রোগীদের জন্য সবচেয়ে কার্যকর। তবে মধ্যম পর্যায়ের রোগীরাও এ টিকা থেকে উপকার পাবেন।
বিশ্বের প্রথম ক্যানসার টিকার এই সাফল্য চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


