
ঢাকা প্রিমিয়ার লীগে শেষ পর্যন্ত দল পেয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান লিটন কুমার দাস। কিন্তু এখনো কেউ দলে ভেড়ায়নি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে।
পারিশ্রমিক জটিলতায় দীর্ঘদিন অনিশ্চয়তায় ছিলেন লিটন। শেষ পর্যন্ত তাকে দলে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।
রোববার সাংবাদিকদের এ তথ্য জানান ক্লাবটির মালিকানায় নতুন যোগ দেয়া তামিম ইকবাল। তিনি জানান, লিটন এ মৌসুমে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন।
দলে রয়েছে বেশ কয়েকজন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। তাদের দায়িত্বে আছেন অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজন।
জাতীয় দলের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান কোন দলের হয়ে খেলবেন, সেটি এখনো নিশ্চিত নয়। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তামিম ইকবালও।
তিনি বলেন, ‘মোস্তাফিজের ব্যাপারে আমি কিছু জানি না। তবে যদি সে দল না পায়, তাহলে এটি খুবই দুর্ভাগ্যজনক। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অবশ্যই ডিপিএলে খেলা উচিত।’


