
ক্যাথলিক খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বেশ কয়েকমাস অসুস্থ থাকার পর মারা গেছেন। এখন ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মগুরুদের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী পোপ। তবে প্রক্রিয়াটি বেশ জটিল।
ফ্রান্সিসের মৃত্যুর পর এখন নতুন পোপ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এক্ষেত্রে কয়েকশ বছরের পুরনো ধর্মনীতি মেনে পোপ নির্বাচন করা হবে।
ক্যাথলিক চার্চের যারা শীর্ষ ধর্মযাজক, যারা ’কলেজ অব কার্ডিনালস’ নামে পরিচিত তারাই ভোট দিয়ে নতুন পোপ নির্বাচন করেন।
বর্তমানে মোট ২৩৫ জন কার্ডিনাল রয়েছেন, তার মধ্যে ১৩৫ জন নতুন পোপ নির্বাচনে অংশ নিতে পারবেন। কার্ডিনালদের সবাই পুরুষ। তারা সরাসরি পোপ কর্তৃক বিশপ হিসেবে নিযুক্ত। যাদের বয়স ৮০ বছরের বেশি তারা সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু নতুন পোপ নির্বাচনের ক্ষেত্রে নিজের মতামত জানাতে পারবেন।
নতুন পোপ নির্বাচনের জন্য ভ্যাটিকানে এখন একটি কার্ডিনাল সম্মেলন ডাকা হবে। এরপর কনক্লেভ অনুষ্ঠিত হয়। যেটি পোপ নির্বাচনের সময় হিসেবে পরিচিত।
পোপ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় বিখ্যাত চিত্রশিল্পী মাইকেলেঞ্জেলোর আঁকা সিস্টিন চ্যাপেলের ভেতর। সেখানে কঠোর গোপনীয়তার সঙ্গে কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
ভোট শেষে নির্দিষ্ট চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। এরপর চুল্লিতে সাদা ধোঁয়া দেখা যাওয়ার অর্থ হলো পোপ নির্বাচিত হয়েছেন। আর কালো ধোঁয়া দেখা গেলে বুঝতে হবে পোপ নির্বাচিত হয়নি।

