বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি আরও কঠোর করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ, ভারতসহ ১৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যনীতির ওপর নতুন করে তদন্ত শুরু এবং আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে তার প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্য নীতিতে পরিবর্তন আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নতুন শুল্ক কাঠামোর আওতায় চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ, ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। অন্য দেশগুলোর ক্ষেত্রে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। তবে আগে থেকে বিভিন্ন বাণিজ্য চুক্তির আওতায় নির্ধারিত শুল্কসীমা থাকায় কিছু ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কম হতে পারে।

শুল্ক তদন্তের আওতায় থাকা দেশ ও অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।

মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগে ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক অবৈধ ঘোষণা করার পর নতুন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মার্চ মাসে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি নিয়ে হোয়াইট হাউসের তদন্তের ভিত্তিতে শুল্ক আরোপের পথ তৈরি করা হয়।

তদন্তের আওতায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ধারা ৩০১ প্রয়োগ করা হচ্ছে। এই ধারার আওতায় বিদেশি সরকারের বাণিজ্যনীতি ও বিভিন্ন পদক্ষেপ মার্কিন ব্যবসা, শ্রমিক এবং ভোক্তাদের স্বার্থের ওপর অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা খতিয়ে দেখা হয়।

ট্রাম্পের দাবি, শুল্কনীতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশীয় শিল্পকে সুরক্ষা দেবে। তার দ্বিতীয় মেয়াদে বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ ও বাড়ানোর উদ্যোগকে এই নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ