
বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে শাহবাগ অবরুদ্ধ করে রেখেছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। তাদের দাবি আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে সরকারকে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।
শাহবাগে শুক্রবার বিকাল পাঁচটায় অবস্থান নেয় এনসিপি। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে একই দাবিতে গণজমায়েত শুরু হয়। এতে যোগ দেন হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাতীয় গণতান্ত্রিক পার্টি; জাগপা, ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মীরা।
এসময় এনসিপির দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সবাইকে একত্রিত করে এই অবস্থান। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। ২০০৬ সালে তারা লগি-বৈঠা দিয়ে তারা মানুষ হত্যা করেছে। বিডিআরদের পিলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। শাপলায় গণহত্যা চালিয়েছে। তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না।
আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচী চলবে বলেও ঘোষণা দেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ।


