
ছোট্ট একটি শব্দ ’মা’। পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। যার অতলে লুকিয়ে আছে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। রোববার পালিত হলো বিশ্ব ’মা’ দিবস।
প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় বিশ্ব মা দিবস। বিশ্বের প্রতিটি মায়ের জন্য শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশের দিন।
ভ্রুন থেকে দশ মাস দশদিন গর্ভে ধারণ করে যে মা তার খাবার পেটের ভেতরের সন্তানকে খাওয়ান, পৃথিবীর আলো দেখান সেই মায়ের চরণে এই দিনে নত তাবৎ বিশ্ব।
প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবস পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের নারী মারা গেলে তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার জন্য সচেষ্ট হন।
ওই বছর তিনি তার সান ডে স্কুলে প্রথম এ দিনটি মাতৃদিবস হিসেবে পালন করেন। ১৯০৭ সালের এক রোববার আনা মারিয়া স্কুলের বক্তব্যে মায়ের জন্য একটি দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন। এরপর ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন।


