
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশের পাশাপাশি ১৪টি দেশের ওপর নতুন শুষ্কহার নির্ধারণের কথা বলা হয়েছে ট্রাম্পের ঘোষণায়। হোয়াইট হাউজের ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। সেসময় বাংলাদেশের পণ্যের ওপর ৩৭% শুল্ক নির্ধারণ করা হয়েছিল। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ১৫% হারে শুল্ক আরোপ করা হতো।
শুরুতে এই শুল্ক ৯ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যুক্তরাজ্য ও ভিয়েতনামের সাথে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। প্রথমে ঘোষিত ৪৬% শুল্কের পরিবর্তে এখন ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ২০% হারে শুল্ক আরোপ করা হবে। আর ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা কোন শুল্ক আরোপ করবেনা বলে প্রতিশ্রুতি দিয়েছে।


