
চেলসিকে ফুটবল বিশ্বের চূড়ায় তুলে আনলেন ইংরেজ ফুটবলার কোল পামার। ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পামারের দুই গোলে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি।
পিএসজিকে সবচেয় বড় ধাক্কাটা দিয়েছেন চেলসির তরুন ফুটবলার কোল পামার। তার দুটি দুর্দান্ত ও অভিন্ন শট লিখে দেয় ম্যাচের চিত্রনাট্য। এরপর পামারের পাসে হোয়াও পেদ্রোর গোল চেলসির হাতে তুলে দিল ক্লাব বিশ্বকাপের সোনালি ট্রফি। বিলিয়ন ডলারের দলটি জিতলো বিলিয়ন ডলারের ট্রফি।
২২ ও ৩০ মিনিটে পামার যে দুটি গোল করেছেন তা প্রায় একই রকম। এরপর বিরতির ঠিক আগে মাঝমাঠ থেকে নিখুত এক পাস বাড়ান হোয়াও পেদ্রোর কাছে। পেদ্রো পিএসজির গোলরক্ষক দোন্নারুমাকে একা পেয়ে তার মাথার উপর দিয়ে চিপ করে বল জালে পাঠিয়ে দেন। ম্যাচের বয়স তখন ৪৩ মিনিট।
ম্যাচ শেষে চেলসি কোচ মারেসকার প্রশংসা করে পামার বলেন, তিনি দারুন পরিকল্পনা করেছেন, জানতেন জায়গা পাওয়া যাবে কোথায়। আমাকে যতটা সম্ভব মুক্তভাবে খেলার সুযোগ দিয়েছেন। প্রতিদানে গোল পেয়েছি।


