
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলার পথে নতুন রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডেতে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ২২ বছর আগের শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন তিনি।
ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করতে রোহিতের লেগেছে ২০২ ম্যাচ। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন টেন্ডুলকার। মাইলফলকটি স্পর্শ করতে শচীনের লেগেছিল ২১৪ ম্যাচ। অর্থাৎ টেন্ডুলকারের চেয়ে ১২ ম্যাচ কম খেলেই নতুন রেকর্ড গড়েছেন রোহিত।
এই কীর্তির মাধ্যমে ওয়ানডেতে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা চতুর্থ ব্যাটার হলেন রোহিত। তাঁর আগে এই তালিকায় ছিলেন শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সনৎ জয়াসুরিয়া।
ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখনো টেন্ডুলকারের দখলে। ৩৪০ ইনিংসে তাঁর সংগ্রহ ১৫ হাজার ৩১০ রান। শ্রীলঙ্কার জয়াসুরিয়া ৩৮৩ ইনিংসে করেছেন ১২ হাজার ৭৪০ রান। আর ক্রিস গেইলের সংগ্রহ ২৭৪ ইনিংসে ১০ হাজার ১৭৯ রান।
রোহিতের নতুন এই রেকর্ডের মধ্য দিয়ে ওয়ানডেতে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শের ২২ বছরের পুরোনো রেকর্ডের মালিকানা বদলে গেল।

