
ম্যাচের শুরুটা হয়েছিল গাড়ি দুর্ঘটনায় নিহত প্রয়াত ফুটবলার দিয়াগো জোতাকে স্মরণ করে। এরপর মাঠে হলো রোমঞ্চকর এক ফুটবল ম্যাচ। যেখানে বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ৪-২ গোলে হারিয়েছে বোর্নমাউথকে।
অ্যানফিল্ডে ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম ডেডলক ভাঙ্গেন লিভারপুলের হয়ে অভিষিক্ত একিতিকে। প্রথমার্ধে এই এক গোল নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গ্যাকপো। এক সময় মনে হচ্ছিল ম্যাচে বোধহয় আর কোনো গোল হবে না। কিন্তু এরপরই জমে উঠে নাটক। প্রথমার্ধে বর্নবাদের আচরণের শিকার বোর্নমাউথের ঘানাইয়ান ফুটবলার অ্যান্টনি সেমেনিও ম্যাচের ৬৪ ও ৭৬ মিনিটে জোড়া গোল করে লিভারপুলের দর্শকদের বর্নবাদ আচরণের জবাব দেন।
তবে, ম্যাচে শেষে শেষ হাসি হেসেছে লিভারপুলই। ৮২ মিনিটে বদলি নেমে দুর্দান্ত এক ভলিতে বোর্নমাউথের জালে বল পাঠান ফেদরিক চিয়েসা। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সালাহর গোলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।


