
সুন্দরবনে রিসোর্ট মালিকসহ তিনজনকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে একজন রিসোর্টের মালিক অপর দুইজন পর্যটক। অপরহরণের ৪৮ ঘন্টা পার হলেও তাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
গত শুক্রবার দুপুর ১২টার দিকে একটি ডিঙ্গিনৌকা নিয়ে সুন্দরবনের ভেতরে ক্যানেলে ঘুরতে গিয়ে অপহরণের শিকার হন ওই তিনজন। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের ঘাঘরামাড়ী টহলফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খালে এই ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাংমারী এলাকায় গোলকানন নামে একটি রিসোর্ট থেকে ঢাকা থেকে আসা পাঁচজন পর্যটকসহ মোট সাতজন শুক্রবার একটি ডিঙ্গিনৌকায় করে সুন্দরবন ঢোকেন। ঢাংমারী নদীটি ডলফিনের অভয়াশ্রম হিসিবে সংরক্ষিত। এই নদী হয়ে শাখা কেনুয়ার খালে ঢোকার পরই ‘মাসুম বাহিনী’ নামের একটি বনদস্যু দলের হাতে জিম্মি হন তারা।
অপহরণকারীরা গোলকানন রিসোর্টের পরিচালক শ্রীপতি বাছাড় এবং ঢাকা থেকে আসা দুই পর্যটক মো. সোহেল ও জনিকে ধরে নিয়ে যায়।


