
সোমবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার এশার নামাজ শেষে হাজিরা মিনার উদ্দেশে যাত্রা করেন এবং হজের নিয়ম মেনে ইহরামের কাপড় পরেছেন।
৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করবেন এবং ফজর হতে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ আরাফাতের উদ্দেশে রওনা হবেন।
মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি এ বছর হজের খুতবা দিবেন। খুতবার পর হাজিরা একসঙ্গে সেখানে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। ৯ জিলহজ সূর্যাস্তের পর হাজিরা মিজদালিফার উদ্দেশে রওনা দিবেন। সেখানে মাগরিব ও এশার নামজ শেষে উম্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন।
এরপর ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন এবং শুধু বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেবেন ও মাথা মুন্ডন বা চুল ছোট করে ফেলবেন। ১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করবেন।


