
দেশের বাজারে জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। তবে ডিজেলের দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকাই থাকছে। কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
সরকার ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে। এর আওতায় আমদানি ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের জ্বালানি তেলের বাজারেও। গত এপ্রিলে মূল্যবৃদ্ধির পর এবার আবারও পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানো হলো।


