বিরোধী দলের এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকার বরাদ্দ

বিরোধী দলীয় সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনী এলাকায় মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলীয় এমপিদের নির্বাচনী এলাকায় মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নকাজের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তবে সিটি করপোরেশনের আওতাভুক্ত বিরোধী দলীয় এমপিদের আসনের জন্য এ দফায় কোনো বরাদ্দ রাখা হয়নি। এ বিষয়ে মন্ত্রী বলেন, জেলা পরিষদের আওতাভুক্ত এলাকাগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে এবং সিটি করপোরেশন এলাকার বরাদ্দ পরবর্তীতে দেওয়া হবে।

ঈদের আগে সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দ না দেওয়ার বিষয়টি নিয়ে সংসদে সমালোচনা হয়। এ প্রেক্ষাপটে স্থানীয় সরকার মন্ত্রী বরাদ্দের বিষয়টি স্পষ্ট করেন।

এ সময় ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলন বক্তব্য দিতে চাইলে স্পিকার তাকে ফ্লোর না দিয়ে স্থানীয় সরকারমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “৪০ বছর এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি।”

স্পিকার আরও বলেন, স্পিকারের দায়িত্ব পালনের কারণে তিনি ভোলার বিভিন্ন সমস্যার কথা সংসদে তুলে ধরতে পারছেন না। এর আগে ভোলার উন্নয়ন নিয়ে একাধিক প্রস্তাব উত্থাপন করায় বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ