
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট যে অর্জন এসেছে, তা কোনো ব্যক্তি বা দলের নয়; এটি দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত ত্যাগের ফসল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন, পুনর্বাসন এবং সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
শনিবার আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। তবে বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। সঠিক বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে কিছুটা সময় নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। শহীদ ও আহতদের আত্মত্যাগকে অর্থবহ করতে সবাইকে দেশ, মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


