সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে: জি এম কাদের

বর্তমান সরকার বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রাজনৈতিক অসহিষ্ণুতা, দমন-পীড়ন ও বৈষম্য আরও বেড়েছে বলে দাবি করে তিনি বলেন, সরকার যদি দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে।

শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬’-এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় দেখা যাচ্ছে না। বরং ওই চেতনার নামে নতুন করে বৈষম্য ও দমন-পীড়ন চালানো হচ্ছে। ভিন্নমত দমনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার উদ্যোগকে তিনি ‘ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দলকে বাদ দেওয়া বা দমন করলেই দেশে স্থিতিশীলতা আসবে না। রাজনৈতিক অন্তর্ভুক্তি ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এস এম শফিকুল ইসলাম বাবুল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ