চট্টগ্রামের হামলাকারীদের পরিচয় প্রকাশের দাবি জামায়াত আমিরের

চট্টগ্রামে একটি ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হামলাকারীদের কঠোর শাস্তি হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, ‘জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে।’

পোস্টের শেষদিকে হামলাকারীদের প্রভাব-প্রতিপত্তি নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’

চট্টগ্রামের ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হামলাকারীদের পরিচয় বা গ্রেপ্তার-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ