
বাংলাদেশ রেলওয়ের বহরে ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ যুক্ত হলে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তনগর ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে। নতুন কোচের মাধ্যমে দেশের পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ বাড়ানো এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ করার পরিকল্পনা রয়েছে।
রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কোচ সরবরাহের ভিত্তিতে এই দুটি রুটে ট্রেন চালুর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে কোচগুলো দেশে আসার পর নতুন ট্রেনের রুট ও চলাচলসংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
সম্প্রতি সংসদে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন, সেতু ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানান, একটি প্রকল্পের আওতায় ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে যমুনা সেতু-পাবনা, ঢাকা-পদ্মা সেতু ও খুলনা-মোংলা রেলপথসহ বেশ কয়েকটি রেলপথ চালু হয়েছে। তবে ব্রডগেজ যাত্রীবাহী কোচের সংকটের কারণে এসব পথে পর্যাপ্ত ট্রেন চালু করা সম্ভব হয়নি। নতুন কোচ যুক্ত হলে এ সংকট কিছুটা কমতে পারে।
নতুন কোচগুলোতে যাত্রীদের নিরাপত্তার জন্য দুর্ঘটনার অভিঘাত মোকাবিলার বিশেষ ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা থাকার কথা রয়েছে। এ ছাড়া পরিবেশবান্ধব বায়ো-টয়লেট এবং ইলেকট্রো-নিউম্যাটিক চাপযুক্ত ফ্লাশিং ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়েতে রাইটসের আগের সরবরাহ
ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস (রাইটস) এবং বাংলাদেশ রেলওয়ের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
প্রতিষ্ঠানটি ২০১৪ সালের ১ ডিসেম্বর বাংলাদেশকে ৩০টি এবং ২০১৫ সালের ২১ ডিসেম্বর আরও ১০টি ব্রডগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সরবরাহ করে। পরে ২০১৮ সালের ১ জুন সরবরাহ করা হয় ১২০টি এলএইচবি ব্রডগেজ কোচ। এসব লোকোমোটিভ ও কোচ ভারত সরকারের ঋণসহায়তার আওতায় বাংলাদেশকে দেওয়া হয়েছিল।
নতুন কোচ যুক্ত হলে দেশের ব্রডগেজ রেলপথে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এর ফলে নতুন ট্রেন চালুর পাশাপাশি যাত্রীদের ভ্রমণসুবিধা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

