
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. সাইদুর রহমান।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী এক বছর মেয়াদে তিনি ভারতের বাংলাদেশ হাইকমিশনের নয়াদিল্লি মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সাইদুর রহমান ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘ক্রিয়েটিভ অ্যান্ড আর্টস’ এবং ‘ফ্যাক্ট চেকিং’ উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন ধরে যুক্ত সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকারি এ নিয়োগ পাওয়ার আগে তিনি দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।


