
ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে শরিক ৪১টি রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়।
সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হন। এ সময় তিনি প্রতিটি টেবিল ঘুরে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং যুগপৎ আন্দোলনের সময় গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে এটি প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।
অনুষ্ঠানে আমন্ত্রিত দলগুলোর মধ্যে ছিল গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল।


