প্রেমিকাকে গোপনে বিয়ে করলেন ইউটিউব তারকা মিস্টার বিস্ট

ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বুয়েসেনকে গোপনে বিয়ে করেছেন। শিল্পপতি রিচার্ড ব্র্যানসনের ব্যক্তিগত দ্বীপ নেকার আইল্যান্ডে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিস্টার বিস্ট লেখেন, “I found Mrs. Beast” (আমি আমার ‘মিসেস বিস্ট’-কে খুঁজে পেয়েছি)। একই সঙ্গে নববধূর সঙ্গে তোলা একাধিক ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে মিস্টার বিস্ট সাদা টাক্সেডো ব্লেজার, সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো বো-টাই পরেছিলেন। অন্যদিকে থিয়া বুয়েসেন পরেছিলেন আইভরি ও ন্যুড রঙের ফুলেল লেসে তৈরি একটি আকর্ষণীয় বিয়ের গাউন।

শুধু বিয়ের দিন নয়, পুরো আয়োজনটি চলে প্রায় এক সপ্তাহ। ১৪ জুলাই থেকেই অতিথিরা নেকার আইল্যান্ডে উপস্থিত হতে শুরু করেন। এ সময় তারা কাইটসার্ফিং, স্নরকেলিং এবং দ্বীপের বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। অতিথিদের জন্য ছিল সুশি, ওয়াগইউ বিফ, তাজা সি-ফুডসহ নানা খাবারের আয়োজন। আর বিয়ের কেক হিসেবে রাখা হয় থিয়ার পছন্দের গাজরের কেক।

যেভাবে শুরু হয়েছিল পরিচয়

মিস্টার বিস্ট ও থিয়া বুয়েসেনের পরিচয় ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় একটি ভিডিও ধারণের সময়। এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় হয়। শুরুতে দূরত্বের সম্পর্ক (লং-ডিস্ট্যান্স) হলেও সময়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়।

একই বছরের এপ্রিলে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচায় প্রথমবারের মতো একসঙ্গে প্রকাশ্যে আসেন তারা। এরপর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর পরিবারের সদস্যদের উপস্থিতিতে থিয়াকে বিয়ের প্রস্তাব দেন মিস্টার বিস্ট। ২০২৫ সালের নববর্ষের দিন তারা আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন।

কে এই থিয়া বুয়েসেন?

থিয়া বুয়েসেন একজন গেমার, ই-স্পোর্টস ধারাভাষ্যকার, ইউটিউবার এবং লেখক। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা প্রায় ১২ লাখ। এছাড়া আইন, মনোবিজ্ঞান এবং নিউরোসাইকোলজিতে ডিগ্রি রয়েছে তার। বিভিন্ন সময় মিস্টার বিস্টের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে।

বর্তমানে মিস্টার বিস্ট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৫০ কোটি, যা বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলগুলোর একটি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ