ওমরাহ ভিসা থাকলেও সৌদি যেতে মানতে হবে যেসব শর্ত

সৌদি আরবের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ৩৬৫ দিন বৈধ থাকলেও ভিসা থাকলেই প্রতিবার দেশটিতে প্রবেশ করা যাবে না। প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং ও ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ

মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট নিতে হবে।

জুলাইয়ে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। তবে পুরো ভিসার মেয়াদে সৌদি আরবে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।

মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, প্রতিটি সফরের জন্য নতুন করে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুক করতে হবে। ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না।

এ ছাড়া প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটে উল্লেখিত তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে মিল থাকতে হবে।

সৌদি আরবে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রেও অন্যান্য নির্ধারিত যোগ্যতা ও নিয়ম পূরণ করতে হবে। প্রবেশ ও দেশত্যাগের তথ্য নথিভুক্ত করার মাধ্যমে ভিসাধারীর ৯০ দিনের অনুমোদিত অবস্থানের হিসাব সংরক্ষণ করা হবে।

অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা হাতে থাকলেই প্রতিবার সরাসরি সৌদি আরবে প্রবেশ করা যাবে না। প্রতিটি সফরের আগে নতুন করে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং ও ওমরাহ পারমিট নেওয়ার শর্ত পূরণ করতে হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ