অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

নতুন ঘোষণা অনুযায়ী, অক্টোবর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

জ্বালানি তেলের দাম সমন্বয়সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর মাসের জন্য এসব মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

অর্থাৎ, বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেও সর্বশেষ নির্ধারিত মূল্য কার্যকর থাকবে।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়।

তখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৬ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে দেশের বাজারেও মূল্য সমন্বয়ের প্রয়োজন হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পরও মার্চ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত দেশে জ্বালানি তেলের মূল্য না বাড়ানোয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা এবং জ্বালানি তেল পাচার রোধের বিষয় বিবেচনায় নিয়ে দেশে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ