নৌপথে যাত্রীভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের নৌপথে যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে জনপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে।

অন্যদিকে, নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নৌযানের ভাড়া নির্ধারণসংক্রান্ত এর আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হলো। জনস্বার্থে পুনর্নির্ধারিত এ ভাড়া ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ