পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে থেকে?

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। তবে কবে থেকে তাঁরা নতুন স্কেলে বেতন পাবেন, তা এখনো নির্দিষ্ট হয়নি।

সম্প্রতি শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা চালু করতে প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব হাতে-কলমে প্রস্তুত করতে হওয়ায় এ প্রক্রিয়ায় আরও সময় লাগতে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। তবে তা কার্যকর হতে কিছুটা দেরি হতে পারে।

তিনি জানান, শিক্ষক-কর্মচারীরা যাতে দ্রুত নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পান, সে বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

ডিসেম্বরের মধ্যে চালুর সম্ভাবনা

সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এ প্রক্রিয়া আগামী বছরের জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে। তবে চূড়ান্ত সময়সীমা নির্ভর করছে অর্থ বিভাগের সিদ্ধান্ত ও প্রয়োজনীয় কার্যক্রমের ওপর।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আওতায় আনার বিষয়টি এখন অর্থ বিভাগের কার্যক্রমের ওপর নির্ভর করছে। অর্থ বিভাগ পৃথক গেজেট প্রকাশ করলে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা কার্যকরের প্রক্রিয়া এগোবে।

অতিরিক্ত প্রয়োজন ১৩ হাজার কোটি টাকার বেশি

নতুন পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক-কর্মচারীকে আনতে অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫১৮ কোটি টাকা। বাকি অর্থ প্রয়োজন হবে পেনশন খাতে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২০১৫ সালেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল বাস্তবায়ন করতে প্রায় ছয় মাস সময় লেগেছিল। এবারও ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের সুবিধা চালু করতে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন পাওয়ার চূড়ান্ত তারিখ এখনো নিশ্চিত নয়। অর্থ বিভাগের প্রয়োজনীয় সিদ্ধান্ত ও গেজেট প্রকাশের পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ