আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: নাহিদ ইসলাম

সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা সক্রিয় দেখা যাচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ততটা তৎপরতা নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গত দুই দিন ধরে দেশে সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বক্তব্যে বিভিন্ন হামলা ও সহিংসতার ঘটনা তুলে ধরে তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাচ্ছে এবং বাসে আগুন দেওয়া হচ্ছে। আগুনে পুড়ে একজনের মৃত্যুর খবর পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা উল্লেখ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, গত সাত মাস ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে তারা সংসদে কথা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখন স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের প্রশ্ন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা কীভাবে প্রকাশ্যে দেশে এসে রাজনৈতিক কর্মসূচি পালন করে আবার বিদেশে চলে যাচ্ছেন? এ ধরনের পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে, তার ব্যাখ্যাও চান তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সংসদ সদস্যরা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে বক্তব্য দেবেন অথবা আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। কিন্তু অধিবেশনের দ্বিতীয় দিনেও এ বিষয়ে মন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সরকারের কাছে আইনশৃঙ্খলা রক্ষা, গোয়েন্দা তৎপরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক পদক্ষেপের বিষয়ে স্পষ্ট জবাবদিহি দাবি করেন নাহিদ ইসলাম। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ সংসদে অবিলম্বে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ