দূরবীন বাংলা রেস্তোরায় হামলা-ভাঙচুর

দূরবীন বাংলার কর্ণধার সাফিন বেগের ভাষ্য অনুযায়ী, রেস্তোরাঁয় বসার জায়গা নিয়ে এক তরুণের সঙ্গে একটি পরিবারের সদস্যদের বাগ্‌বিতণ্ডা থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে ওই তরুণ কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে রেস্তোরাঁর কর্মীকে মারধর ও ভাঙচুর চালান বলে অভিযোগ করেন তিনি।

বন্ধু ও ঘটনাস্থলে সহানুভূতি জানাতে আসা ব্যক্তিদের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাফিন বেগ বলেন, প্রথমে এক তরুণ রেস্তোরাঁয় আসেন। একটি চেয়ার খালি হলে তিনি সেখানে বসে পড়েন। অথচ ওই জায়গার জন্য আগে থেকেই একটি পরিবার অপেক্ষা করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

সাফিনের দাবি, পরিস্থিতি সামাল দিতে রেস্তোরাঁর এক কর্মী এগিয়ে যান। তরুণকে শিক্ষার্থী মনে করে তাকে অন্য জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন ওই কর্মী। তবে এতে ক্ষুব্ধ হয়ে তরুণটি রেস্তোরাঁ ছেড়ে চলে যান।

সাফিন বেগ বলেন, কিছুক্ষণ পর ওই তরুণ কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। প্রথমে রেস্তোরাঁর বাইরে কর্মী খলিলকে মারধর করা হয়। এরপর শুরু হয় ভাঙচুর। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ রেস্তোরাঁয় রয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা জানান, হইচই শুনে সেখানে গিয়ে তিনি অন্তত ১০০ জনকে ভাঙচুর করতে দেখেন। রাস্তার অপর পাশেও কয়েকজন অবস্থান করছিলেন। তিনি ভিডিও ধারণ শুরু করলে কয়েকজন তাকে ধাওয়া করেন বলে জানান।

ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য, এক রিকশাযাত্রী ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা তাকে জুতা দিয়ে মারধর করেন। এ দৃশ্য দেখে ভীত হয়ে তিনি বাসায় ফিরে যান।

তিনি আরও দাবি করেন, রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির সময় এক শিক্ষার্থীর মাথায় আঘাত লাগে। এরপর এক থেকে দেড়শ জনকে ডেকে এনে ভাঙচুর চালানো হয়।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ পুলিশের কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

রুহুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুটেজ আছে, আমরা খুঁজে বের করার কাজ করছি।”

রেস্তোরাঁর মালিক সাফিন বেগকে যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানটি আবার চালু করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সেখানে সার্বক্ষণিক পুলিশি উপস্থিতি রাখার আশ্বাস দেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ