টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসভবন, কার্যালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা চালিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। পরে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে একটি মিছিল থেকে পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন দেওয়া হয়।

বিকেল ৫টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপি সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকানে আগুন দেওয়া হয়। একই সময়ে টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতী বাজারের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়িতেও ভাঙচুর করা হয়। রাত সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়ার বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে রাত ৯টার দিকে পাটগাতী টুঙ্গিপাড়া শাখার গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়।

পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, গণতান্ত্রিক দেশে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। বিএনপি করার কারণে তাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বর্নি বাজারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিন রাতে কুশলী ইউনিয়নে বিএনপির কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ