
পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে আছেন- সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তার দুইটা পাসপোর্টই বাতিল হয়েছে। তারপরও এত বড় একজন দুর্নীতিবাজ ছাত্র-জনতা হত্যাকারীকে ভারত তাকে কিভাবে রাখে? শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।
আওয়ামী লীগের দুর্নীতির বর্ণনা করে শেষ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, রূপপুর পারমানবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ৫০০ কোটি ডলার চুক্তি করেছে। সেখান থেকে টিউলিপ ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মালয়েশিয়ার একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে। এটা একদম সুস্পষ্টভাবে গণমাধ্যমগুলোতে এসেছে। যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছে- এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব বলে মন্তব্য বিএনপির এ শীর্ষ নেতা।

