
সারা দেশের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে আগামী ৭ নভেম্বর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে সকাল ১১টায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
সমাবেশটি সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর প্রস্তুতিমূলক সভা ডেকেছে স্থানীয় সরকার বিভাগ। ওই দিন সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
ইউনিয়ন পরিষদ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা। দফাদার ও মহল্লাদার হিসেবে দায়িত্ব পালনকারী এ বাহিনীর সদস্যরা গ্রামীণ এলাকায় রাতের পাহারা, স্থানীয় অপরাধ দমনে থানা পুলিশকে সহায়তা, তথ্য সংগ্রহ এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনিক কাজে যুক্ত থাকেন।
তবে দায়িত্বের তুলনায় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা অপ্রতুল বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন গ্রাম পুলিশ সদস্যরা। বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাঁরা কয়েকটি দাবি জানিয়ে আসছেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—জাতীয় বেতন স্কেলের আওতায় অন্তর্ভুক্তি ও নতুন বেতন গ্রেড নির্ধারণ, নিয়মিত রেশন, চিকিৎসা ও ঝুঁকি ভাতা, অবসরকালীন এককালীন আর্থিক সুবিধা, বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

