
মুম্বাইয়ে সাইফ আলি খানের বাড়িতে ঢুকে তার ওপর হামলায় জড়িত সন্দেহে মুহাম্মদ নজরুল ইসলাম শাহজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশের সন্দেহ তিনি বাংলাদেশি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্রের থানে এলাকার ব্রান্দ্রায় সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাসারভাদাবালির হীরানন্দিনী এস্টেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম সাংবাদিকদের জানান, “প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতে পারেন। কারণ তার কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ কোনও নথি পাওয়া যায়নি। আর তার কাছে এমন কিছু পাওয়া গেছে, যাতে মনে হচ্ছে তিনি বাংলাদেশি।”
মুম্বাইসহ বিভিন্ন শহরে অনেক অবৈধ বাংলাদেশি রয়েছেন বলে ভারতীয় কর্মকর্তারা দাবি করে আসছেন। কূটনৈতিক টানাপড়েনের মধ্যে তাদের চিহ্নিত করে আটকে অভিযানেও নেমেছে পুলিশ।
গত বুধবার গভীর রাতে বলিউড তারকা সাইফের বাড়িতে ঢুকে পড়েন এক ব্যক্তি। তাকে উপর্যুপরি ছয়টি ছুরিকাঘাত করেন। আহত সাইফ এখন হাসপাতালে রয়েছেন। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।


