প্রধানমন্ত্রীর সিল-স্বাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সিল, স্বাক্ষর এবং অফিসিয়াল লেটারহেড জাল করে দীর্ঘদিন ধরে তদবির বাণিজ্য চালানোর অভিযোগে পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের অভিযানে গ্রেপ্তার হন ফারুক হোসেন, সাকিব খান, মাসুম মুনসী, মীর তৌহিদুল ইসলাম ও বকুল মণ্ডল। তাদের কাছ থেকে সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিবদের অফিসিয়াল লেটারহেডের চার বান্ডিল, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার জাল স্বাক্ষরসংবলিত ৪১টি সিল, আটটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি চাকরিচ্যুত এক কর্মচারীকে পুনর্বহালের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি সুপারিশপত্র পাঠানো হয়। তদন্তে দেখা যায়, ওই চিঠিতে প্রধানমন্ত্রী, একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তার সিল ও স্বাক্ষর জাল করা হয়েছে। পরে বিষয়টি তদন্তের দায়িত্ব পায় ডিবি।

ডিবিপ্রধান জানান, গ্রেপ্তার ফারুক হোসেন ২০০৬ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সাত টিটিসি স্থাপন প্রকল্পে ইলেকট্রিশিয়ান পদে চাকরিতে যোগ দেন। ২০১৪ সালে চাকরিচ্যুত হওয়ার পর পুনর্বহালের উদ্দেশ্যে তিনি বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং প্রধানমন্ত্রীর নামে জাল সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে একটি ফাইল তৈরি করেন।

এমনকি প্রধানমন্ত্রীর ‘প্রায়োরিটি’ লেখা সিলের নকল ব্যবহার করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টাও করেন। পরবর্তীতে তিনি একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র গড়ে তুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রতারণামূলক তদবির বাণিজ্য চালিয়ে আসছিলেন।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে মাদারীপুরের কালকিনি থেকে ফারুক হোসেন ও সাকিব খানকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মীর তৌহিদুল ইসলামকে আটক করা হয়। এছাড়া কালকিনি থানা পুলিশের সহায়তায় মাসুম মুনসীকে এবং কুষ্টিয়া থেকে চক্রের আরেক সদস্য বকুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ