ক্লাসরুমে মোবাইল নিষিদ্ধ: সুফল পাচ্ছে নেদারল্যান্ডস

ইউরোপের দেশ নেদারল্যান্ডস। দেশটিতে অনেক স্কুলের ক্লাসরুমে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে৷ শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে৷ আর এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের দায়িত্ব রয়েছে স্কুল কর্তৃপক্ষ৷

দেশটির স্কুলগুলোতে ফোনসহ কাউকে পাওয়া গেলে তার কাছ থেকে সেটা নিয়ে নেয়া হয়৷ আর তা বিকেল পাঁচটার আগে ফেরত পাওয়া যায় না৷ যেদিন ক্লাস আগেই শেষ হয়ে যায় সেদিন ব্যাপারটি বেশ বিড়ম্বনার৷ স্কুল শিক্ষক থমাস পেটার বলেন, ‘‘গত ছয়মাসের অভিজ্ঞতায় আমি বলতে পারি শিক্ষার্থীরা আগের চেয়ে ক্লাসে বেশি মনোযোগী হয়েছে৷”

আরকে স্কুলের প্রধান শিক্ষক ফ্রিক ওপ’ট এইন্ডেও একমত প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ‘‘ক্লাস আগের চেয়ে অনেক শান্ত এবং তর্কও কম হয়৷ মোবাইল প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি করছিল৷ সবাই সেটি লকারে রেখে আসে না৷ তাই দরজায় দাঁড়িয়ে তল্লাশি চালিয়ে বলতে হয়: এটা দূরে রেখে আসো৷ অনেকে এই নিষেধাজ্ঞা অমান্য করতে চায় এবং নানা যুক্তি দেয়৷ আর তাতে ক্লাসের আট মিনিট সময় নষ্ট হয়৷”

আমস্টারডামের সিগনাস গিমনাজিউম হচ্ছে নেদারল্যান্ডসের শুরুর দিকের স্কুলগুলোর একটি যেখানে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে৷ ডাচ সরকার এই উদ্যোগ নিয়েছিল, তবে স্কুলগুলো তা মানতে আইনত বাধ্য ছিলো না৷

স্পেন এবং ব্রিটেনে পরিচালিত গবেষণা বলছে: মোবাইল নিষেধাজ্ঞা ক্লাসরুমে মনোযোগ বাড়ায়৷ এটা দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রযোজ্য বলে মনে করেন শ্যেপ ফন ডেয়ার প্লুখ৷ মোবাইল নিষেধাজ্ঞার নীতিমালা তৈরিতে সহায়তা করেছেন তিনি৷

প্লুখ বলেন, ‘‘টিকটক এবং স্ন্যাপচ্যাটের মতো সেলফোন অ্যাপগুলো ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণের জন্য তৈরি হয়েছে৷ এই শিল্পে মনোযোগই সব৷ এর অর্থ হচ্ছে বড় টেক ফার্ম এবং তাদের অঢেল সম্পদের বিপরীতে একজন শিক্ষক৷ সবকিছু মনোযোগ আকর্ষণের জন্য এবং তা ধরে রাখতে অত্যন্ত বুদ্ধি খাটিয়ে তৈরি করা৷ ফলে এটা অসম যুদ্ধ৷”

তবে বিষয়টি শুধু মনোযোগ বিঘ্নের নয়৷ এর সামাজিক দিকও রয়েছে৷ শিক্ষার্থীদেরকে খেলাধুলা এবং সরাসরি কথা বলায় উৎসাহী করা হয়৷ তাই নিষেধাজ্ঞা বিরতির সময়ও বলবৎ থাকে৷

শিক্ষার্থী লিজা মারসেন বলেন, ‘‘মোবাইল ব্যবহার না করে অন্যদের সঙ্গে মানিয়ে চলতে শেখাটা রসবোধপূর্ণ ব্যাপার৷ কারণ এখন এআই, চ্যাটিজিপিটি ইত্যাদির সহায়তায় সবকিছুই অনলাইনে চলে গেছে৷ তাই আমাদের অন্যদের সঙ্গে মিশতে শিখতে হবে৷ এজন্য মোবাইলের পেছনে কম সময় দিলে ভালো৷”

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ