প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রাসেল ও স্ত্রী শামীমার কারাদণ্ড

গ্রাহকের সাথে প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় দেন।

কারাদণ্ড ছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী জানান, চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ইভ্যালি থেকে ২০২১ সালের ২০ মার্চ ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন মামলার বাদী তৌফিক মাহমুদ। মূল্য বাবদ ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করেন তিনি। ৩ এপ্রিল তিনি একই মডেলের আরও দুটি বাইক অর্ডার করেন। যার মূল্য বাবদ ৫ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন। তবে, কর্তৃপক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী ৪৫ দিনের মধ্যে বাইক তিনটি সরবরাহ করতে ব্যর্থ হয়।

পরে ভুক্তভোগি ইভ্যালির ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন এবং কর্তৃপক্ষ তৌফিককে দুটি চেক দেয়। ব্যাংক হিসাবে প্রতিষ্ঠানের পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করা হয়। আসামিদের কথা বিশ্বাস করে চেকটি আর ব্যাংকে জমা দেননি বাদী।

পরে ১৪ লাখ ১০ হাজার টাকা আদায়ে তাগাদা দিতে থাকেন তিনি। কিন্তু রাসেল-শামীমা কোনো টাকা ফেরত দেন না। লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ না হওয়ায় ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন তৌফিক মাহমুদ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ