
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দাখিল করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি। আর কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় ১৫ ফেব্রুয়ারি থেকে বৃদ্ধি করে ১৬ মার্চ করা হয়েছে।
ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এ বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হয়েছে।
এ নিয়ে তৃতীয় দফায় রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করা হলো। এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। গত আগস্ট মাসের পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই দফায় সময় বাড়ানো হয়েছিল।
২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়। এই সিস্টেমে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনেই আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা। এনবিআর থেকে পাওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে।


