
টিকটক ভিডিও বানানোর কারনে পাকিস্তানে এক বাবা তাঁর কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছেন। তিনি স্বীকার করেছেন, মেয়ের টিকটক ভিডিও নিয়ে তাঁর আপত্তি ছিল। তাই তিনি মেয়েকে হত্যা করেছেন।
বিবিসিকে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। বাবার নাম আনোয়ার উল-হক। মেয়ের নাম হীরা আনোয়ার।
আনোয়ার উল-হকের মার্কিন নাগরিকত্ব রয়েছে। তাঁর মেয়েও মার্কিন নাগরিক। মেয়েটির বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে।
সম্প্রতি আনোয়ার যুক্তরাষ্ট্র থেকে পরিবারসহ পাকিস্তানে ফিরে আসেন। মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় তিনি তাঁর মেয়ে হীরাকে গুলি করে হত্যা করেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
পুলিশের কাছে স্বীকারোক্তিতে আনোয়ার বলেন, ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে তাঁর মেয়ের পোস্টগুলো তিনি দেখেছেন। এগুলো তাঁর কাছে ‘আপত্তিকর’ মনে হয়েছে।


